চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ মাদক, ডাকাতি, ছিনতাইসহ ২০টি মামলার দুর্ধর্ষ আসামিকে ছিনিয়ে নিয়েছে মাদক সেবক ও মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ।
আসামি জাকির হোসেন (৩৮) উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানা ও চাঁদপুর সদর থানায় মাদক, ডাকাতি ও ছিনতাইসহ ২০টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে হাজীগঞ্জ থানার এএসআই মোজাম্মেল হোসেন আসামি জাকির হোসেনকে আটক করেন। তবে স্থানীয়দের অনুরোধে আটক জাকির হোসেনকে স্থানীয় এক মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। এই সুযোগে মাদক ব্যবসায়ীরা স্থানীয়দের নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় জাকির হোসেনকে ।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ বলেন, এ ঘটনায় হাতকড়া উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামি ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে দুইজনকে আটক করা হয়েছে।
