শরীয়তপুরের জাজিরা সাত্তার মাদবর-মঙ্গল মাঝিরঘাট-মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে এখন ২৪ ঘণ্টা ফেরি চলাচল করছে। ব্যক্তিগত ও জরুরি যানবাহনের সঙ্গে ছোট পণ্যবাহী যানবাহনও পারাপার করা হচ্ছে। পদ্মা সেতু এড়িয়ে এ নৌপথ দিয়ে স্থায়ীভাবে ফেরি চালানোর জন্য ঘাট সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থানীয় প্রশাসন।
বিআইডব্লিটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথ দিয়ে শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন ফেরি পারাপার হয়। ঐ নৌপথে ফেরি চলতে গিয়ে গত বছর ২০ জুলাই পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ মখদুমের তলা ছিদ্র হয়ে যায়। নদীতে তীব্র স্রোত থাকায় ফেরিগুলো পদ্মা সেতুর সঙ্গে কয়েক দফা ধাক্কা লাগে। এমন পরিস্থিতিতে গত বছর ১৮ আগস্ট থেকে ঐ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তখন থেকে শরীয়তপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের মানুষ চরম বিপাকে পড়ে। জরুরি সেবা নিশ্চিত করতে শরীয়তপুরের জাজিরা উপজেলার সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাট এলাকায় গত ২৫ আগস্ট নতুন করে একটি ফেরিঘাট নির্মাণ করে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিটিএ। নাব্য সংকটের কারণে দীর্ঘদিন ঐ পথে ফেরি চালু করা যায়নি। গত ৮ ডিসেম্বর থেকে ঐ নৌপথে ফেরি কুঞ্জলতা চলাচল শুরু করে। ফেরিটি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চলাচল করত। সম্প্রতি নৌপথে আরো চারটি ফেরি বৃদ্ধি করা হয়েছে। এখন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুটি ছোট ফেরি ও বিকাল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত তিনটি রো রো ফেরি চলাচল করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা বলেন, আগামী জুনে পদ্মা সেতু চালু করা হবে। সেতু চালু হওয়ার পরও ভারী যানবাহন পারাপারের জন্য ফেরি চালু থাকবে। আর সেতুর উজানে কোনো ফেরিঘাট না রাখার পরামর্শ সেতু বিভাগের। তখন মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটটি বন্ধ করে দিতে হবে। তাই শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটটি স্থায়ী ফেরিঘাট করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঘাট সম্প্রসারণ করার জন্য শরীয়তপুরের সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটে রো রো ফেরির পন্টুন স্থাপন করা হয়েছে। আর ঘাটে গাড়ি পার্কিং করার জন্য টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
জাজিরার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশ্রফুজ্জামান ভূঁইয়া বলেন, ফেরিঘাটটি চালু হওয়ার পর অনেক যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। যানজট নিরসনের জন্য সড়কের পাশে সরকারি জায়গায় গাড়ি পার্কিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের সহকারী পরিচালক সাহাদত্ হোসেন বলেন, ‘মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট বন্ধ করে দেওয়া হবে। তখন শরীয়তপুরের সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটটিকে স্থায়ী ঘাট করা হবে। এজন্য প্রস্তুতি চলছে। টার্মিনালসহ বিভিন্ন অবকাঠানো নির্মাণ করা হবে। আমরা জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে চিঠি দেওয়ার প্রস্তুতি নিয়েছি। জমি পাওয়া গেলে ঘাটের অবকাঠামোর নির্মাণকাজ শুরু করা হবে।’
