সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসোর্ট ‘মার-এ-লাগো’ থেকে কয়েক বাক্স নথিপত্র উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভ। যার মধ্যে ট্রাম্পের উদ্দেশে লেখা উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কয়েকটি ‘প্রেমপত্র’ পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (৭ ফেব্রুয়ারি) মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রথম প্রকাশিত হয়। উদ্ধার হওয়া নথিপত্রের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চিঠিপত্রও রয়েছে।
ট্রাম্পের বিরুদ্ধে হোয়াইট হাউজ থেকে অনৈতিকভাবে নথিগুলো সরানোর অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী প্রেসিডেন্টের মেয়াদ শেষের পর সেগুলো ফিরিয়ে দেওয়ার কথা। কিন্তু নথিগুলো ফিরিয়ে না দিলেও সেগুলো সরানোর পেছনে ট্রাম্পের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না বলে জানিয়েছেন ট্রাম্পের সাবেক একজন সহযোগী।
১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে ওয়াটারগেট কেলেঙ্কারির পর হোয়াইট হাউজের নথিপত্রগুলো সংরক্ষণ করতে ‘প্রেসিডেন্সিয়াল রেকর্ড আইন’ করা হয়। সেই আইন অনুযায়ী, প্রেসিডেন্টের কার্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট রেকর্ড সংরক্ষণের নিয়ম রয়েছে।
২০১৮ সালে ট্রাম্পকে লেখা কিমের চিঠিগুলোর বিষয়টি সামনে আসে। সে বছর ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা প্রেমে পড়েছি। আসলে, না। তিনি (কিম) আমাকে সুন্দর সুন্দর চিঠি লেখেন।’ ট্রাম্পের ওই বক্তব্য বেশ সাড়া ফেলেছিল।
