সিরাজগঞ্জে গমের ভালো ফলনের সম্ভাবনা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৪

মাঘের শেষে বৃষ্টি হওয়ায় সিরাজগঞ্জে গমের ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এতে হাসি ফুটেছে কৃষকদের মুখে। তাদের দাবি, আবহাওয়া অনুকূলে থাকলে এবার গমের ভালো ফলন হবে। 

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৫ হাজার ১০০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের কৃষক মাজম সিকদার বলেন, গতবার কৃষি স্যারদের পরামর্শে গমের আবাদ করে লাভবান হয়েছি। গমের কোনো কিছুই ফেলতে হয় না। তাই লাভ বেশি। 

খাষকাউলিয়া গ্রামের কৃষক মো. আব্দুর রহমান জানান, আমি খাষকাউলিয়ার চরে ১০ বিঘা জমিতে গম বুনেছি। ভালো ফলন হয়েছে। আশা করছি লাভবান হতে পারব। 

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোস্তম আলী জানান, এবছর সদর উপজেলায় ৯৪৫ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। চৌহালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. জেরিন আহমেদ বলেন, গম চাষে দাম ও ফলন ভালো পাওয়া যায়। গত বছর প্রশিক্ষণ নিয়ে সঠিক সময়ে বীজ রোপণ করে গম চাষে লাভবান হয়েছেন চৌহালীর কৃষকরা। 

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু জাফর মো. আহসান শহীদ সরকার জানান, গম চাষে কৃষকদের প্রণোদনা প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে গমের ভালো ফলন হবে।

ইত্তেফাক/ আরাফাত