এক সময় ভিক্ষা করে বাংলাদেশকে চলতে হতো। এখন বাংলাদেশ অন্য দেশকে খাদ্য ও ঋণ সহায়তা প্রদান করছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। নিজস্ব অর্থায়নে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলাম সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে। এসবই বাংলাদেশের সক্ষমতার নিদর্শন যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের নেতৃত্বে থাকার কারণে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামপুর উপজেলায় দলীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশ পরিচালনায় থাকলে দেশের উন্নয়ন নিশ্চিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৩ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন আজ সর্বত্র দৃশ্যমান। কৃষি, খাদ্য, যোগাযোগ, শিক্ষা, প্রযুক্তি, মাথা পিছু গড় আয় বৃদ্ধিসহ প্রতিটি ক্ষেত্রে আশাতীত উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান গতিতে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকলে ২০৪১ সালের পূর্বেই বাংলাদেশ উন্নত দেশের পর্যায়ে পৌঁছে যাবে।
তিনি বলেন, বিগত জামাত- বিএনপি জোট সরকারের আমলে খাদ্যের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছিল, সারের অভাব ছিল আর আওয়ামীলীগ সরকারের আমলে সেই ঘাটতি পূরণ করেও খাদ্য মজুদ রাখা হয়। জামাত- বিএনপি জোট সরকারের আমলে বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশ চালাতে হতো। আর এখন আল্লাহর রহমতে খাদ্য স্বয়ং সম্পূর্ণ। এসব কিছুই একমাত্র জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আছেন বলেই সম্ভব হয়েছে।
