ভারতের কর্ণাটক রাজ্যে স্কুল-কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে শুরু হওয়া বিতর্ক চরমে উঠেছে। যার যেরে বন্ধ আছে সেখানকার স্কুল-কলেজ। পরিস্থিতি এমন হয়েছে যে, হিজাবের সমর্থনে একদল ও অন্যদিকে গেরুয়া ওড়নার পক্ষে অবস্থান নিয়েছেন অনেকে। এর মাঝেই বিতর্কিত মন্তব্য করেছেন কর্নাটক রাজ্যের ক্ষমতাসীন বিজেপির মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, কেএস ঈশ্বরাপ্পা বর্তমানে রাজ্যটির গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী হিসেবে কর্মরত আছেন। চলমান হিজাব বিতর্কের মধ্যে তিনি বললেন, ভবিষ্যতে হয়তো গেরুয়া পতাকাই দেশের (ভারতের) জাতীয় পতাকা হয়ে যাবে।
কলেজে হিজাব নিষিদ্ধ করা নিয়ে চলা বিতর্কের মাঝেই একদল শিক্ষার্থীকে কলেজে হিজাব পরার বিরোধিতা করে একটি ফ্ল্যাগপোস্টে গেরুয়া পতাকা লাগাতে দেখা গেছে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিজেপির মন্ত্রী সেই আরও বিতর্ক উস্কে দিয়ে গেরুয়া পতাকা নিয়ে এই বিতর্কিত মন্তব্য করলেন।
বুধবার (৯ ফেব্রুয়ারি) কর্নাটকের এই মন্ত্রী কেএস বলেন, ‘শত শত বছর আগে শ্রী রামচন্দ্র ও মারুতির রথের গায়ে গেরুয়া পতাকা থাকতো। তখন কি আমাদের দেশে এই তেরঙা পতাকা ছিল? যারা এই দেশের খাবার খায়, তাদের সবাইকে বিষয়টির সম্মান করতে হবে। এই বিষয়ে অন্য কোনো প্রশ্নই নেই।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশের পতাকা তেরঙ্গা। তাই সবার এখন উচিত দেশের জাতীয় পতাকার সম্মান করা। এখন না হলেও ভবিষ্যতে লাল কেল্লায় গেরুয়া পতাকা উত্তোলন করা হতেই পারে।’
