ইভ্যালির ৭টি গাড়ির নিলাম বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। নিলামে অংশ নিতে অর্থাৎ গাড়িগুলো কিনতে নিলাম কার্ড সংগ্রহ করেছেন ১৩০ জন। গত সোমবার (৭ ফেব্রুয়ারি) গাড়িগুলো নিলামে বিক্রির জন্য ১০ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করে দিয়েছেন হাইকোর্ট।
গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুব কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এসব গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় নিরাপত্তা নিশ্চিতে ও বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন থাকবে।
নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে।
২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে।
ইভ্যালির বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ ওইদিন এই আদেশ দেন। আদেশে বলা হয়, হাইকোর্টের একজন ডেপুটি রেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রার নিলামের বিষয়টি তত্ত্বাবধান করবেন। আর নিলামের সময় পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রাখতে পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালককে নির্দেশ দেন আদালত।
