উত্তরপ্রদেশে ভোট গ্রহণ শুরু, যোগীর বিতর্কিত টুইট

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৯

প্রথম দফায় পূর্ব উত্তরপ্রদেশের মোট ১১টি জেলার ৫৮ আসনে নির্বাচন হচ্ছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। শেষ হবে সন্ধে ৬টায়। জাঠ কৃষক অধ্যুষিত পূর্ব উত্তরপ্রদেশে এবার কঠিন লড়াইয়ের মুখে বিজেপি।

৪০৩ আসন বিশিষ্ট উত্তর প্রদেশ বিধানসভার প্রথম দফার নির্বাচন হবে ৫৮টি আসনে। পশ্চিম উত্তরপ্রদেশের ১১ জেলার মধ্যে পড়ে এই আসনগুলি। প্রথম দফায় ভাগ্য নির্রাধিত হবে ৬২৩ জন প্রার্থীর। যার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের ছেলে পঙ্কজ সিং। যিনি লড়ছেন নয়ডা থেকে। আবার উত্তরাখণ্ডের প্রাক্তন রাজ্যপাল বেবিরানি মৌর্য। যিনি নির্বাচনে লড়ছেন আগরা থেকে।

কিন্তু ভোটগ্রহণ শুরুর ঠিক আগেই বিতর্কে জড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক টুইটার পোস্টে আদিত্যনাথ জানান, ‘‘একটা কথা আপনাদের মন থেকে বলতে চাই, গত পাঁচ বছরে বহু দুর্দান্ত কাজ আমরা করেছি। যদি আপনারা আমাদের আর সুযোগ না দেন, তাহলে এই পাঁচ বছরের পরিশ্রম বৃথা যাবে। উত্তরপ্রদেশ, বাংলা, কেরল বা কাশ্মীরের মতো হয়ে যেতে একেবারেই বেশি সময় লাগবে না। আপনাদের ভোট আমাদের জন্য আশীর্বাদ। আপনাদের ভোটই ভয়হীন জীবনের নিশ্চয়তা দিতে পারে।”

পাঁচ বছর আগে বিজেপি যেখানে কাউকে আঁচড় পর্যন্ত কাটতে দেয়নি। সেবার এই অঞ্চলে তারা ৫৩টি আসন জিতেছিল। পরের পর্ব ১৪ ফেব্রুয়ারি, ভোট ৫৫ কেন্দ্রে, যেখানে বিজেপি জিতেছিল ৩৮ আসন। এই দুই মিলে ১১৩ আসনের মধ্যে ৯১টি জেতার পর বিজেপিকে আর পেছনে তাকাতে হয়নি। ৪০৩ বিধানসভায় তারা পেয়েছিল ৩১২। সহযোগীরা মিলে জোটের সংখ্যা পৌঁছেছিল ৩২৫। অথচ এবার রাজ্যের এই জাট ও ব্রজভূমিই তাদের তাদের চিন্তার কারন হয়ে উঠছে।

ইত্তেফাক/এএইচপি