ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের উপস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বের চরম উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করছে রাশিয়া। সে লক্ষ্যে সব সামরিক সরঞ্জামাদির পাশাপাশি দক্ষ সেনাদের নিয়ে টানা ১০ দিন মহড়া চালিয়ে যাবে মস্কো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই মহড়া স্নায়ুযুদ্ধের পর সাবেক সোভিয়েত বেলারুশে রাশিয়ার সবচেয়ে বড় মোতায়েন বলে দাবি করছে ন্যাটো।
এই মহড়া উপলক্ষে গত একমাস ধরেই বেলারুশে সেনা ও সামরিক সরঞ্জাম মোতয়েন করেছে মস্কো। এরমধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্ষেপণাস্ত্রও আছে। রাশিয়ার এমন তৎপরতা নিয়ে সম্প্রতি একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
যুক্তরাষ্ট্রের দাবি, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই যৌথ সামরিক মহড়ায় পূর্ব ইউরোপের উত্তেজনাকে আরও উসকে দেবে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হোইয়াট হাউজ।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এ নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির চিঝভ বলেছেন, রাশিয়া এখনও মনে করে ইউক্রেন নিয়ে সৃষ্ট সংকটের উত্তেজনা নিরসনে কূটনীতি সহযোগিতা করতে পারে। কাউকে আক্রমণ করার কোনও পরিকল্পনা আপাতত নেই মস্কোর। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন যে, মত পরিবর্তনে রাশিয়াকে উস্কানি না দেওয়াটা হলো গুরুত্বপূর্ণ।
