সার্চ কমিটিতে নাম পাঠানো বিএনপির দায়িত্ব: কৃষিমন্ত্রী 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৭

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সার্চ কমিটিতে নাম পাঠানো বিএনপির দায়িত্ব। সার্চ কমিটিতে তারা নাম দিলো কি দিলো না- তাতে কিচ্ছু যায় আসে না। সুষ্ঠু নির্বাচনের জন্য এই সার্চ কমিটি গঠিত হবে। এই কমিটি সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর আর্নৌদ হামিলির্স-এর সঙ্গে বৈঠক শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের নাম সার্চ কমিটিতে জোটগতভাবে নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে এককভাবে সার্চ   কমিটিতে নাম পাঠানো হবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য সরকার নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা প্রদান করবে। 

কৃষিমন্ত্রী বলেন, দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, অনেক ভুইফোঁড় দলও রয়েছে। ২০ দল নিয়ে বিএনপির জোট রয়েছে, এটিকে বাড়িয়ে তারা ৩০ দলও করতে পারে। দলের সংখ্যা বড় কথা নয়, জনগণের ঐক্য হতে হবে এবং জনগণের মাঝে এসব দলের ভিত্তি ও জনপ্রিয়তা কতটুকু-তা দেখতে হবে। আমি মনে করি, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের অনেক উন্নয়ন করেছে, সুশাসন প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ সরকারের উপর জনগণের বিপুল সমর্থন রয়েছে।

ড. রাজ্জাক আরও বলেন, বিএনপি যত বৃহত্তর ঐক্য, আন্দোলন-সংগ্রাম করুক না কেন, সরকারের পতন ঘটাতে পারবে না। ২০১৪ সাল থেকে তারা আন্দোলন-সংগ্রামের নামে গাড়ি ভাঙচুর, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে চরম নৃশংসতার, বর্বরতার পরিচয় দিয়ে আসছে।

এর আগে ইফাদের কান্ট্রি ডিরেক্টর আর্নৌদ হামিলির্সের সঙ্গে বৈঠকে কৃষিমন্ত্রী কৃষিখাতে বাংলাদেশের সাফল্য ও বর্তমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে ইফাদের আরও বেশি সহযোগিতা কামনা করেন। এ সময় মন্ত্রী বলেন, ইফাদ আমাদের খুব ভাল উন্নয়ন অংশীদার। কৃষিখাতের উন্নয়নে তারা খুব সহজ শর্তে, কম সুদে ঋণ দেয়। এই মুহুর্তে একটি প্রকল্পের মাধ্যমে উপকূলে ফসল উৎপাদনে কাজ চলমান আছে। এখানে সহযোগিতা আরও বাড়ান প্রয়োজন।

ইফাদের কান্ট্রি ডিরেক্টর আর্নৌদ হামিলির্স বাংলাদেশে সেচ ব্যবস্থার উন্নয়ন, উপকূলে লবণাক্ত এলাকায় ফসল উৎপাদন, কৃষিপণ্যের ভ্যালু অ্যাড ও রপ্তানি বৃদ্ধিতে সহযোগিতা করবে বলে জানান। ইফাদ ৫ বছরের জন্য যে কান্ট্রি প্ল্যান করতে যাচ্ছে, সেখানে এ বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে।

 

ইত্তেফাক/ইউবি