ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনের সময় পুলিশি হামলায় আহত শিক্ষার্থীদের স্মরণে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রথম যে স্থানে রক্ত ঝরেছিল সেই আইআইসিটি ভবনে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ৫টার দিকে লাল রঙয়ের ছাপ লাগিয়ে দেন তারা।
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে গত ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে অন্দোলন কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। সময় শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
লাল রঙয়ের ছাপ লাগানোর কারণ হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন জানান, ১৬ জানুয়ারি পুলিশের হামলায় শিক্ষার্থীদের রক্ত ঝরার স্মৃতি এবং অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন লড়াইয়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে, একই দিন বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে আইআইসিটি ভবনের গিয়ে এসে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘ফরিদের দালালেরা- হুশিয়ার সাবধান', 'একাউন্টগুলো বন্ধ কেন?', 'ফরিদের গদি অস্তাচলে, ফরিদ যাবে রসাতলে'সহ বিভিন্ন স্লোগান দেন।
শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচির মাধ্যমে অন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। এমনকি অনশন ভাঙার পরও অহিংস আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে গান, কবিতা, তথ্যচিত্র প্রদর্শনী, গীতি আলেখ্য আয়োজনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে তারা।
