নিউ ইয়র্কে হরিণের দেহে ওমিক্রন, নতুন উদ্বেগ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৮

নিউ ইয়র্কে সাদা লেজের হরিণের শরীরে করোনা ভাইরাসের ওমিক্রন ধরনটি শনাক্ত হওয়ার পর নতুন উদ্বেগ তৈরি হয়েছে গবেষকদের মনে; চতুষ্পদ এই প্রাণী করোনা ভাইরাসের নতুন কোনো ভ্যারিয়েন্টের পোষক হয়ে উঠতে পারে কি না, সেই ভয় পাচ্ছেন তারা।

পেনসিলভেইনিয়া স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক নিউ ইয়র্কের স্টেটেন আইল্যান্ডের ১৩১টি হরিণের রক্ত এবং নাকের শ্লেষ্মার নমুনা পরীক্ষা করে ১৫ শতাংশ হরিণের শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে তৈরি হওয়া অ্যান্টিবডি পেয়েছেন। এর মানে হলো, এসব প্রাণী আগেই করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিল। আর করোনা ভাইরাসের নতুন ধরন আবিভূ‌র্ত হলে সেগুলোও এসব হরিণকে সংক্রমিত করতে পারবে। মানুষ ও পোষা প্রাণীর বাইরে বুনো পরিবেশে কোনো প্রাণীর শরীরে এই প্রথম করোনা ভাইরাসের ওমিক্রন ধরনটি শনাক্ত হলো।

আর যুক্তরাষ্ট্র জুড়ে সাদা লেজের হরিণ আছে প্রায় ৩ কোটি। সেটাই গবেষকদের উদ্বেগের বড় কারণ। যুক্তরাষ্ট্রের পেনসিলভেইনিয়া অঙ্গরাজ্যের ভেটেরিনারি মাইক্রোবায়োলজিস্ট সুরেশ কুচিপুড়ি বলেন, ‘বন্যপ্রাণীর কোনো প্রজাতির মধ্যে ভাইরাসের বিস্তার ঘটলে সেটা আবার মানুষের মধ্যে ফিরে আসার সম্ভাবনা থাকে। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, এর মধ্য দিয়ে ভাইরাসের নতুন ধরন তৈরি হওয়ার সুযোগ ঘটে।’ 

ইত্তেফাক/এসজেড