নোয়াখালীর সুবর্ণচরে বহুল আলোচিত গণধর্ষণের শিকার সেই নারীকে আবারও ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার চরজুবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদপ্রার্থী আবদুল মালেক এই হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার চরজুবলী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে ঐ নারী মধ্যম চরবাগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন। ঐ নারীর অভিযোগ, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুটবল মার্কার মেম্বার পদপ্রার্থী আবদুল মালেক তার পক্ষে কাজ না করায় ভোটের পরে তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এতে তিনি অনেকটা আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে ভোট দিতে আসেন। তবে ভোট দেওয়ার সময় তাকে কেউ বাধা দেয়নি এবং পছন্দের প্রার্থীকে ভোটও দিয়েছেন বলে জানান তিনি। তার পরও তিনি তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
