আজ শাবিতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১০:০০

আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল আন্দোলনকারীদেরকে বিষয়টি নিশ্চিত করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক ইত্তেফাককে বিষয়টি জানান আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন।

শাবির নতুন প্রক্টর

শাবি প্রক্টর অধ্যাপক ড. আলমগীর কবিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শাবি রেজিস্ট্রার ইশফাকুল হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানান।

নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাত ইবনে ইসমাইল।

রক্তের স্মৃতি আঁকল

শাবি ক্যাম্পাসে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ডগ্রেনেড এবং গুলিবিদ্ধদের স্মরণে ব্যতিক্রমী আন্দোলন চালিয়ে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রথম যে স্থানে রক্ত ঝরেছিল সে স্থানটিকে স্মৃতি হিসেবে রাখতে তারা এ উদ্যোগ নেয়। ব্যতিক্রমী এ আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তারা হাতে লাল রং লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে ছাপ লাগিয়ে দেয়।

রক্তের রঙের এ ছাপ মারার কারণ হিসেবে বলা হয়, ১৬ জানুয়ারি পুলিশের হামলায় শিক্ষার্থীদের রক্ত ঝরার স্মৃতি এবং অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের চিরন্তন লড়াইয়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। এর আগে, একই দিন বেলা ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। যেটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর হতে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আইআইসিটি ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা ভিসি ফরিদ উদ্দিন আহমেদের বিরুদ্ধে স্লোগান দেয়। অহিংস আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে গান, কবিতা, তথ্যচিত্র প্রদর্শনী, গীতি আলেখ্য আয়োজন, টং চালুসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে তারা।

ইত্তেফাক/ আরাফাত