স্ত্রীর হাতের কব্জি বিচ্ছিন্ন করা সেই রফিক গ্রেফতার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৭

ফতুল্লায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার অভিযোগে মো. রফিক (৩১)  নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  

গত বৃহস্পতিবার চট্টগ্রামের হালিশহর থানা এলাকা থেকে রফিককে গ্রেফতার করে র‌্যাব -১১ ও র‌্যাব-৭ এর সদস্যরা।  শুক্রবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৫ জানুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভূইগর এলাকায় যৌতুকের টাকা না পেয়ে চাপাতি দিয়ে স্ত্রীর ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলেন রফিক। ঘটনার পর রফিক বাসায় তালা দিয়ে পালিয়ে যান। গ্রেপ্তার এড়াতে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই মো. রুবেল (২৭) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন। মামলার পর র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রফিককে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর হাতের কব্জি কেটে ফেলার কথা স্বীকার করেন রফিক।

 

ইত্তেফাক/ইউবি