হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৭৯১ পিস ইয়াবাসহ মালদ্বীপ প্রবাসী আল আমিনকে আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা। গতকাল শুক্রবার দুপুরে মোবাইল ফোনের চার্জারের ভেতরে এই ইয়াবা লুকিয়ে নেওয়ার সময় তাকে আটক করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল মালদ্বীপ এয়ারলাইনের একটি ফ্লাইটে মালদ্বীপ যাওয়ার জন্য শাহজালাল বিমানবন্দরে আসেন আল আমিন। বহিরাগমন এলাকার ৪ নম্বর প্রি-বোর্ডিং গেটে এভসেক সুপারভাইজার শামীম হোসেনের নেতৃত্বে স্ক্যানার মো. এনামুল হক ঐ যাত্রীর ব্যাগের ভেতরে থাকা একটি মোবাইল চার্জারের ভেতরে ইয়াবাগুলো শনাক্ত করেন।
পরে আল আমিনকে ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার পরিচিত এক ব্যক্তি এই চার্জারটি মালদ্বীপে পৌঁছে দেওয়ার জন্য তাকে দিয়েছেন।
