টেকনাফে রোহিঙ্গা দুর্বৃত্তের গুলিতে একজনের মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৬:১৩

কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুবৃর্ত্ত চক্র ছোট ভাইকে অপহরণের চেষ্টা করছিলো। এ সময় বাধা দিতে গিয়ে বড় ভাই গুলিবিদ্ধ হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলা আলীখালী রোহিঙ্গা বস্তির ২৫নং ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে। ওই ব্লকের ১১নং রুমের বাসিন্দা লাল মিয়া ওরফে লালুর পুত্র আব্দুল বাসেদকে একদল মুখোশধারী দূবৃর্ত্তদল অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বড় ভাই অজি উল্লাহ ছোট ভাইকে রক্ষা করার জন্য দা নিয়ে ধাওয়া করে। তখন দুবৃর্ত্তদল নিরুপায় হয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পাহাড়ের দিকে পালিয়ে যায়। এতে অজি উল্লাহ গুলিবিদ্ধ ও রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে থাকে।

ঘটনার পর গুলিবিদ্ধ অজি উল্লাহকে স্বজনরা ও ক্যাম্পে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা নয়াপাড়া ক্যাম্প হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে শুক্রবার সকালে হাসপাতালে মারা যায়।

আরও পড়ুনঃ বাঞ্ছারামপুরে কালা মিয়ার পা কেটেছে স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি

নয়াপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আব্দুস সালাম জানান, অজি উল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃতদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু