ইউক্রেন ইস্যুতে রাশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে সফর করে বেড়াচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন লম্বা এক টেবিলে বসে। কেন এতো লম্বা টেবিলে বসে দুই নেতার বৈঠক তার কারণ বর্ণনা করেছে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন।
প্রতিবেদনে বলা হয়, মস্কো সফরে কোনো কোভিড টেস্ট করেননি ম্যাক্রোঁ। এই টেস্ট করালে রাশিয়া তার ডিএনএ নিয়ে নেতিবাচক কাজ করতে পারে এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ। যার কারণে লম্বা টেবিলে সামাজিক দূরত্ব মেনে আয়োজিত হয় বৈঠকটি।
গত সপ্তাহের সোমবার অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে নজিরবিহীন বেশ লম্বা এক টেবিলের দুই মাথায় বসতে দেখা যায় দুই নেতাকে। ঘটনাটি অনলাইনে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। তবে এ নিয়ে আলোচনা সৃষ্টি হয় পুতিন ও কাজাখ প্রেসিডেন্টের বৈঠকের পর। রাশিয়ার এ বন্ধুরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ছোট একটি টেবিলে বসে আলোচনা করতে দেখা গেছে পুতিনকে।
লম্বা টেবিলে পুতিন-ম্যাক্রোঁর বৈঠক প্রসঙ্গে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ক্রেমলিনের চিকিৎসা সেবাদাতাদের কাছে কোভিড পরীক্ষা করাতে রাজি হননি ফরাসি প্রেসিডেন্ট। যা কারণে তাকে বড় আকারের টেবিলে বসানো হয়। দুই নেতা সে টেবিলের লম্বালম্বি দিকের দুই প্রান্তে বসেন।
পেসকভ আরও জানান, কারো কারো সঙ্গে আলোচনা লম্বা টেবিলে অনুষ্ঠিত হয়েছে, দূরত্ব ছিল ছয় মিটার।
এ বছরের শুরুতে হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও লম্বা টেবিলে বসে পুতিনের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছিল। ক্রেমলিনে পুতিন ও অরবান শ্যাম্পেনও পান করেছিলেন লম্বা কার্পেটের দুই প্রান্তে দাঁড়িয়ে।
