৮ শতাধিক বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার জান্তা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৯

মিয়ানমার জান্তা শনিবার (১২ ফেব্রুয়ারি) বলেছে, তারা দেশটির ইউনিয়ন ডে পালন উপলক্ষ্যে ৮শ’র বেশি বন্দিকে মুক্তি দেবে। জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের এক বিবৃতিতে বলা হয়, 'ইউনিয়ন ডে’র হীরক জয়ন্তী স্মরণে এক ক্ষমার আদেশ অনুযায়ি ৮১৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হবে।'

দেশটিতে প্রতি বছর ১২ ফেব্রুয়ারি ইউনিয়ন ডে পালন করা হয়। 

জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন এএফপিকে বলেন, যাদের ক্ষমা করা হয়েছে তাদের বেশিরভাগই বাণিজ্যিক নগরী ইয়াংগুনের কারাগারে রয়েছেন। 

আটক অস্ট্রেলিয়ান শিক্ষাবিদ শন টার্নেল এই ক্ষমাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কিনা সে বিষয় কিছু জানাননি।

অস্ট্রেলিয়ান টার্নেল অর্থনীতির প্রফেসর। তিনি গত ফেব্রুয়ারিতে অপসারিত বেসামরিক নেত্রী অং সান সুচির একজন উপদেষ্টা ছিলেন, অভ্যুত্থানের কয়েকদিন পর তাকে গ্রেফতার করা হয়। 

তার বিরুদ্ধে মিয়ানমারের অফিসিয়াল সিক্রেট আইন লংঘনের অভিযোগ আনা হয়। অপরাধ প্রমাণিত হলে তাকে ১৪ বছরের সাজা ভোগ করতে হবে। 

জান্তা গত বছর ইউনিয়ন ডে’তে প্রায় ২৩ হাজার বন্দীর মুক্তি দিয়েছে। জান্তা গত বছরের ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে, এরপর থেকে জান্তা বিরোধী প্রতিবাদ বিক্ষোভে ১৫শ’র বেশি লোক নিহত এবং ১২ হাজার লোককে গ্রেফতার করা হয়। 

ইত্তেফাক/এসআর