সাভারে পৃথক স্থান থেকে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সাভারের রেডিও কলোনি ও কাউন্দিয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
নিহতদের মধ্যে এক জনের নাম ফিরোজ উদ্দিন (৫৬)। তিনি সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সুবেদার এবং সিংগাইরের বিন্নাডাঙ্গি এলাকায় একটি পাওয়ার স্টেশনে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। অপরজনের নাম পিয়ার আলী (৪০)। সে উপজেলার কাউন্দিয়া এলাকার বাসিন্দা।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড রাস্তা পার হচ্ছিলেন সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সুবেদার ফিরোজ উদ্দিন (৫৬)। এসময় একটি লোকাল বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া ঘাতক বাসটি আটক করা সম্ভব হলেও এর চালক পালিয়ে গেছে। এঘটনায় একটি মামলা দায়ের করে ঘাতক বাসের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
অপরদিকে সাভারের কাউন্দিয়া এলাকায় ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পিয়ার আলী নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
