ভালোবাসার ‘বিশেষ পাঁচফোড়ন’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২০

প্রতিবারের মতো এবারো ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে ‘বিশেষ পাঁচফোড়ন’। ভিন্নধারার এই ম্যাগাজিন অনুষ্ঠানটিতে নাটকীয়ভাবে প্রতিটি বিষয় উপস্হাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারো ভিন্ন আঙ্গিকের উপস্হাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামের দেলোয়ার-শেলি দম্পতির করা দেশের প্রথম টিউলিপ বাগানে ঘুরতে যাওয়া দুই বন্ধুর আলোচনার ফাঁকে ফাঁকে উপস্হাপন করা হয়েছে এবারের অনুষ্ঠানের বিভিন্ন পর্ব। ফুল ও ভালোবাসা নিয়ে আলোচনায় প্রসঙ্গক্রমেই আসতে থাকবে নাচ, গান, নাটকসহ নানা বিষয়ের ওপর চমত্কার সব রিপোটিং। এবারের পাঁচফোড়নে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ও সাজু খাদেম। অনুষ্ঠানটিতে মূল গান রয়েছে ২টি।

‘আমায় মন্দ বলুক লোকে’ শিরোনামে একটি ভালোবাসার গান পরিবেশন করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেব। গানটির কথা ও সুর শিল্পীর নিজের এবং সংগীতায়োজন করেছেন জে কে মজলীশ। গীতিকার কবির বকুলের কথায় ফাল্গুনের রঙ ছড়ানো আর একটি ভালোবাসার গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ঈমন।

আঁখি আলমগীর। ছবি: সংগৃহীত

যশোরের খেজুরের যশ ও ঐতিহ্য রক্ষায় অভিনব উদ্যোগ নিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের কাজি মাওলানা ফারুক হোসেন। তার উদ্যোগের ওপর রয়েছে একটি সমসাময়িক প্রতিবেদন। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় অবস্হিত সুন্দর ও পরিচ্ছন্ন গ্রাম মদনখালীর ওপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন।

খাগড়াছড়িতে ‘ফুলকলি’ নামে একটি হাতির প্রতি মানুষের ভালোবাসার নিদর্শনস্বরূপ নির্মিত একটি ব্যতিক্রমী সমাধি সৌধের ওপর রয়েছে আরো একটি ভালোবাসার প্রতিবেদন। এছাড়া এবারের পাঁচফোড়নে থাকছে ভালোবাসার ওপর বেশকিছু মজাদার নাট্যাংশ। এতে অভিনয় করেছেন সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, সুভাশিষ ভৌমিক, আমিন আজাদ, কাজী আসাদ, কামাল বায়েজিদ, জিল্লুর রহমান, আঞ্জুমান আরা বকুল, মামুনুল হক টুটু, রতন খান, বিলু বড়~য়া, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, সুজাত শিমুল, সাজ্জাদ সাজু, মতিউর রহমান, সুবর্ণা মজুমদার, সিলভিয়াসহ অনেকে। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে আগামীকাল রাত ১০টা ৫০ মিনিটে। পাঁচফোড়ন নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন