রামগঞ্জে খোলাবাজারে যত্রতত্র বিক্রি হচ্ছে জ্বালানি তেল। যার ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। লাইসেন্স ছাড়া বিস্ফোরক দ্রব্য আইন-১৯০৮ অনুযায়ী খোলাবাজারে গ্যাস, অকটেন ও পেট্রোল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ সরকারি এসব নীতিমালার তোয়াক্কা না করেই রামগঞ্জের সর্বত্র ছোট-বড় বাজারে অবাধে বিক্রি হচ্ছে দাহ্য পদার্থ।
ওষুধের দোকান, মুদি ও কাপড়ের দোকানেও চলছে অকটেন, ডিজেল, পেট্রোল ও কেরোসিন বিক্রি। উপজেলার সোনাপুর বাজারের ওয়াবদা সড়কের এক জ্বালানি তেল বিক্রেতা বলেন, আমরা ছোট ব্যবসায়ী। সারা দিনে অল্প কয়েক লিটার তেল বিক্রি করি। এ আইন সম্পর্কে কোনো ধারণা নেই। লোকজনের চাহিদা থাকায় এজেন্টদের কাছ থেকে তেল নিয়ে এসে বিক্রি করি।
রামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কামরুল হাসান জানান, জেলা প্রশাসন থেকে যারা অনুমোদন আনে তাদের লাইসেন্স দেই। অনাবাসিক এলাকা, অগ্নিনির্বাপণ ও নিরপত্তা ব্যবস্থা এবং যেখানে বাড়িঘর, দোকান ও জনবসতি নেই সেখানে তেল বিক্রির শর্ত অনুযায়ী লাইসেন্স দেওয়া হয়। নিয়ম না মানার ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, শিগ্গিরই এসব দোকানে অভিযান পরিচালনা করা হবে। যারা নিয়মনীতি না মেনে জ্বালানি তেল বিক্রি করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
