আমি কেন পদত্যাগ করবো: ডিপজল

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নাকি নিপুণ বসবেন, তা এখন আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে যায়। অর্থাৎ আগামী কাল হবে শুনানি।

এদিকে নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত রোজিনা পদত্যাগ করেছেন। যদিও পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। এরইমধ্যে একই প্যানেলের সহ-সভাপতি পদ থেকে চিত্রনায়ক রুবেল পদত্যাগ করবেন বলে জানা গেছে। অন্যদিকে, একই প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল পদত্যাগ করছেন এমন গুঞ্জন চলচ্চিত্রাঙ্গণে ছড়িয়ে পড়েছে।

এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘আমার পদত্যাগ করার কোনো কারণ নেই। আমি কেন পদত্যাগ করব? শিল্পীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের পাশে থাকার জন্য। আমি তাদের ছেড়ে যাব কেন? আমি সবসময়ই তাদের সঙ্গে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব।’

মনোয়ার হোসেন ডিপজল। ছবি: সংগৃহীত

ডিপজল বলেন, ‘এখন পদত্যাগের এক ধরনের গুজব চলছে। তবে আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমি পদত্যাগ করছি না। একই পরিবারে সমস্যা থাকতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে সমস্যার সমাধানও হয়ে যায়। আমি মনে করি, সমিতির সব সদস্য একসঙ্গে আছে। তারা আমাকে ও অন্যদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের স্বার্থ দেখার জন্য, পদত্যাগ করার জন্য নয়।’