রডের ধাক্কায় ট্রেনের পাইপ ক্ষতিগ্রস্ত, ভোগান্তিতে দেড় হাজার যাত্রী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৮

কামারখন্দের জামতৈল স্টেশনে প্ল্যাটফর্ম রক্ষণাবেক্ষণ কাজের রডের সঙ্গে ধাক্কায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় দেড় হাজার যাত্রী ট্রেনটি তিন ঘণ্টা ওই স্টেশনে দাঁড়িয়ে আছে। ফলে ভোগান্তিতে পড়েছেন ওই ট্রেনের যাত্রীসহ সংশ্লিষ্টরা।

জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু হান্নান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২টা ৪৮ মিনিটে স্টেশনের এক নম্বর লাইনে আসে। এক নম্বর লাইনে দাঁড়ানোর সময় প্ল্যাটফর্ম রক্ষণাবেক্ষণ কাজের রডের সঙ্গে ধাক্কায় ইঞ্জিনের হৌস পাইপ ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, ইঞ্জিনের ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের চেষ্টা চলছে।  মেরামত করা সম্ভব না হলে আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটি গন্তব্যে পৌঁছানো হবে।

ইত্তেফাক/ইউবি