হিজাব পরা মেয়ে একদিন ভারতের প্রধানমন্ত্রী হবে: ওয়াইসি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪৪

ভারতে হিজাব ইস্যুতে বিতর্ক থামছেই না। এর মধ্যে হিজাব ইস্যুতে নতুন মাত্রা যোগ করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, হিজাব পরা মেয়েই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সাংসদ আসাদউদ্দিন নেটমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘হিজাব পরা নারীরা কলেজে যাবেন, জেলা কালেক্টর হবেন, জেলাশাসক, চিকি়ৎসক, ব্যবসায়ী ইত্যাদি হবেন।’

সভায় উপস্থিত মানুষের উদ্দেশে আসাদউদ্দিনকে বলতে শোনা যায়, ‘যদি আমাদের মেয়েরা হিজাব পরতে চায়, তাদের বাবা-মায়েরা সমর্থন করবেন, তার পর দেখি কে আটকায়।’

এর পর তিনি বলেন, তখন আমি হয়তো বেঁচে থাকবো না, কিন্তু আমার কথা মনে রাখুন, একদিন হিজাব পরা মেয়ে ভারতের প্রধানমন্ত্রী হবেন।

ওয়াইসি এসব মন্তব্যে নতুন করে দেশটিতে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ওয়াইসিকে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দীনেশ শর্মা। 

তার দাবি, এভাবে উত্তরপ্রদেশ জুড়ে সাম্প্রদায়িকতার বীজ ছড়াতে চাইছে বিরোধীরা। বিজেপি নেতার দাবি, ‘সমাজবাদী পার্টির ‘বি-টিম’ হল মিম।’

 

ইত্তেফাক/এসআর