নিখোঁজের ৫ দিন পর মিললো তরুণের লাশ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:০৮

কক্সবাজারের রামু উপজেলা ঈদগড়ে পাঁচ দিন ধরে নিখোঁজ এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে স্থানীয়দের খবরে তুলাতলি ফরেস্ট অফিস সংলগ্ন ঝোপের ভেতর থেকে লাশটি পুলিশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন। তবে, গত পাঁচ দিন যে নিখোঁজ এ বিষয়ে কোনো ডায়রি করেনি পরিবার।

লাশ পাওয়া মাহমুদুল হাসান বাপ্পি (১৮) রামুর ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছগিরা কাটা এলাকার সৌদি প্রবাসী আব্দুল মাবুদের ছেলে।পেশায় নির্মাণ ও কৃষি শ্রমিক ছিলেন বাপ্পি।

ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভূট্টো পরিবারের বরাত দিয়ে জানান, প্রবাসে থাকা বাবার কাছে ব্যবসার জন্য কিছু টাকা চেয়েছিলেন বাপ্পি। টাকা দিতে বাবা অস্বীকৃতি জানানোর পর থেকে নিরুদ্দেশ ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, এ বিষয় নিয়ে অভিমানে আত্মহনন করেছে বাপ্পি। ছেলেটি খুব বেশি অভিমানী ছিল বলে দাবি করেছে তার পরিবার।

রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন বলেন, এস আই হাসান এবং জাফরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

ইত্তেফাক/কেকে