মার্কিন যুক্তরাষ্ট্রের এক ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছে এক ব্রিটিশ নারীকে। বাদামে অ্যালার্জি থাকায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।
প্রতিবেদনে বলা হয়, অ্যালার্জির বিষয়টি ক্যাবিন ক্রু সদস্যদের জানানোর পর তাকে বলা হয় প্রথম শ্রেণির যাত্রীদের অবশ্যই বাদাম পরিবেশন করা হবে। তার কারণে এই সেবা থেকে অন্য যাত্রীদের বিরত রাখা যাবে না।
জানা যায়, ২৬ বছর বয়সী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সোফি ড্রেপারের গত বছরের ডিসেম্বরে লন্ডনের হিথ্রো থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। তবে ফ্লাইটে ওঠার সময় তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়।
ডারহাম ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ড্রেপার দাবি করেন, আমেরিকান এয়ারলাইন্সের কর্মীরা তাকে বলেন তারা বিজনেস ক্লাসে মিশ্র বাদাম পরিবেশন করতে চুক্তিগতভাবে বাধ্য।
