প্রেমের কাব্য তৈরি করেছেন যারা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৬

ভালোবাসা এমন এক অনুভূতি, যা দুটি হৃদয়কে এক সুতোয় বেঁধে ফেলে। রূপ, রস, গন্ধবিহীন এই আবেগকে সঙ্গে নিয়ে মানুষ একসঙ্গে পথচলার শপথগ্রহণ করে। এ এমন এক আবেগের নাম, যার কারণে মানুষ ছুটে যায় অসমুদ্র-হিমাচল পর্যন্ত অথবা পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। ‘মিডিয়া জগতে ভালোবাসা কচুপাতা ও পানির সম্পর্কের মতো’; এমন হাজারো উক্তিকে মিথ্যে প্রমাণ করেছেন অনেক তারকা দম্পতি। হাজারো সমস্যা উপেক্ষা করে ভালোবাসার মানুষের হাত ছাড়েননি তারা। এজন্য দেশের মানুষের কাছে নিজেদের প্রেম-ভালোবাসার কাব্য হিসেবে তৈরি করেছেন তারা।

রামেন্দু মজুমদার-ফেরদৌসী মজুমদার। ছবি: সংগৃহীত

রামেন্দু মজুমদার-ফেরদৌসী মজুমদার
রামেন্দু মজুমদার খ্যাতিমান অভিনেতা, মঞ্চ নির্দেশক, নির্মাতা। তিনি ঢাকার মঞ্চ নাটক আন্দোলনের পথিকৃৎ। মঞ্চের পাশাপাশি তিনি টেলিভিশন ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে বিয়ে করেন। জানা গেছে, ভালোবেসে মা-বাবার অমতে তিনি ১৯৭০ সালের ১৩ জুন রামেন্দু মজুমদারকে বিয়ে করেন। সেই থেকে এখনো সংসার চালিয়ে যাচ্ছেন তারা। ভালোবাসার তারকা দম্পতির ভালোবাসার উদাহরণ দিতে গেলে প্রথমদিকে আসে রামেন্দু মজুমদার-ফেরদৌসী মজুমদারের নাম। তাদের একমাত্র কন্যাসন্তান ত্রপা মজুমদার। ত্রপা একজন অভিনেত্রী ও নির্মাতা।

শাবনাজ-নাঈম। ছবি: সংগৃহীত

শাবনাজ-নাঈম
পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে একসঙ্গে পা রাখেন শাবনাজ-নাঈম। এরপর তিনি ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’সহ অনেক ছবিতে অভিনয় করেন। তারা একত্রে প্রায় ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয়। এরপর প্রেম এবং পরে বিয়ে। ১৯৯৪ সালের ৫ অক্টোবর অভিনেত্রী শাবনাজকে বিবাহ করেন নাঈম। তাদের দুই মেয়ে রয়েছে। এখনো তারা সুখী দম্পতি।

ওমর সানী ও মৌসুমী। ছবি: সংগৃহীত

ওমর সানী ও মৌসুমী
ঢাকাই ছবির দুই সফল তারকা চিত্রনায়ক ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী। একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয়। এরপর প্রেম ও পরে বিয়ে। ১৯৯৬ সালের ২ আগস্ট ওমর সানী জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দুই সন্তানের বাবা-মাও হয়েছেন। এই দম্পতির ফারদিন এহসান স্বাধীন নামের এক ছেলে ও ফাইজা নামে এক মেয়ে রয়েছে। গেলো বছর ফারদিন এহসান স্বাধীন বিয়ে করেছেন। পরিবার নিয়ে আজ পর্যন্ত ভালোবাসার জলন্ত উদাহরণ হয়ে আছেন তারা।

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা
শোবিজে বহুল আলোচিত দুই নাম মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। একজন নির্মাতা, অন্যজন অভিনেত্রী। ফারুকী একদিন সাহস করে তিশার বাসায় বিয়ের প্রস্তাব পাঠান। এরপর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। ২০১০ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। সংসার জীবনে ১১ বছর পার করেছেন তারা। চলতি বছরের ৫ জানুয়ারি তাদের সংসারে আসে ফুটফুটে কন্যাসন্তান। তার নাম ইলহাম নুসরাত ফারুকী।

বৃন্দাবন দাস ও শাহানাজ খুশি। ছবি: সংগৃহীত

বৃন্দাবন দাস ও শাহানাজ খুশি
জনপ্রিয় নাট্যকার-অভিনেতা বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহানাজ খুশি দম্পতি বিয়ে করেছিলেন ১৯৯৪ সালের ১৯ জানুয়ারি। তার আগে তারা চুটিয়ে প্রেম করেছেন প্রায় ৯ বছর। দুইজন দুই ধর্মের। তারা যখন একে অন্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন তখন আর্থিকভাবে অসচ্ছল ছিলেন। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল এবং ধর্মের বাধা উৎরে ভালোবাসার খেলায় তারা বিজয়ী হয়েছেন। এজন্য ভালোবাসার উদাহরণ আসলে এই দুই তারকার কথা প্রথমে আসে। এই দম্পতির রয়েছে দুই সন্তান।

ইত্তেফাক/বিএএফ