মাদকের বিরুদ্ধে কারো কোনো তদবির চলবে না: এসপি গোলাম মোস্তফা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৪

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার)। মাদকের বিরুদ্ধে কারো কোন তদবির চলবে না। এ ব্যাপারে জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদে এক বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, তদবিরে পুলিশ যদি কোন মাদকের আসামিকে ছেড়ে দেয় তাহলে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকসহ কোন আসামি গ্রেপ্তার হলে রাজনৈতিক নেতাসহ কেউ কোন তদবির করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

রাত সাড়ে ৯ টার পরে স্কুল কলেজ পড়ুয়া কাউকে মোটরসাইকেলসহ রাস্তায় পেলে আটক করে থানায় নেয়া হবে। অভিভাবকের মুচলেকা রেখে তাদেরকে ছাড়া হবে। এ ছাড়া চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ রোধে পুলিশের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসতে হবে। অল্প সংখ্যক পুলিশ সদস্যদের পক্ষে সকল এলাকার অপরাধ দমন কষ্টকর। তাই আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে তিনি বলেন। 

বিট পুলিশিং সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার(জেলা বিশেষ শাখা) লিমন রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিরাজ হোসেন, পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাত, দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল আমিন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্ব, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দত্তপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সেক্রেটারি, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএইচপি