ইসিতে সব পেশাজীবীদের প্রতিনিধিত্ব চান সাংবাদিকরা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২১

যোগ্যতার ভিত্তিতে সব পেশাজীবীদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন (ইসি) গঠনের দাবি সার্চ কমিটির কাছে জানিয়েছেন সাংবাদিকরা। 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল। বিকেল ৪টায় শুরু হয়েছে সাড়ে ৫টার দিকে এই বৈঠক শেষ হয়।

বৈঠক শেষে সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, আমরা অতীতে দেখেছি— নির্বাচন কমিশনে দুয়েকটি পেশার ব্যক্তিদের উপস্থিতিই বেশি থাকে। তবে আমরা চাই, সব ধরনের পেশার প্রতিনিধিত্ব রেখে যোগ্য ব্যক্তিদের নিয়ে যেন একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা হয়।

মনজুরুল আহসান বলেন, নির্বাচন কমিশনে সংখ্যালঘু সম্প্রদায় ও নারীদের উপস্থিতি রাখার কথা আমরা বলেছি। একইসঙ্গে নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে কাউকে মুখপাত্র হিসেবে রাখার প্রস্তাবও করেছি।

সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেছেন, সার্চ কমিটি আমাদের জানিয়েছে- ১০ জনের নাম চূড়ান্ত করার আগে বিএনপিসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নাম জমা দিলে তা আমলে নেওয়া হবে।

এদিন বৈঠকে বসতে ৯ সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিল সার্চ কমিটি। তবে তাদের মধ্যে শেষ পর্যন্ত বৈঠকে উপস্থিত হয়েছেন চার জন। মনজুরুল আহসান বুলবুল ছাড়া বাকিরা হলেন— দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ।

সার্চ কমিটির আমন্ত্রণ পেলেও নিউ এজ সম্পাদক নুরুল কবীর, জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ও ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান বৈঠকে অংশ নেননি।

গত ৫ ফেব্রুয়ারি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’ অনুযায়ী সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই সার্চ কমিটি নির্বাচন কমিশনের প্রতিটি পদের জন্য দুটি করে মোট ১০টি নাম সুপারিশ করবে। এরপর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের নাম চূড়ান্ত করবেন। গত ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হয়েছে।

ইত্তেফাক/এনএ