কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ব্র্যাক গ্লোবালের নির্বাহী পরিচালক জেরম ওব্রিয়েট। দুদিনের সফরের প্রথমদিন মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ক্যাম্প-১ ইস্ট ও ক্যাম্প-৪ এক্সটেনশনে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
জেরম ওব্রিয়েট বলেন, রোহিঙ্গা সমস্যার শুরু থেকে সরকারের সহযোগিতায় ব্র্যাকের পক্ষ থেকে পানি, খাদ্য, স্বাস্থ্যসেবা, পুনর্বাসনসহ জরুরি সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির মধ্যে এসব সেবা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও ব্র্যাক এসব সেবা দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
এসময় তার সঙ্গে ছিলেন- ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচির (এইচসিএমপি) পরিচালক ড. মো. আকরামুল ইসলাম, এইচসিএমপির কর্মসূচির প্রধান রবার্টস শিলা মুথিনি ও কর্মসূচি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে সফরের শেষ দিন বুধবার সকালে ইউনাইটেড ন্যাশনস সিলড্রেন ফান্ড (ইউনিসেফ), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিওএফপি) বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন জেরম ওব্রিয়েট।
চলতি বছরের ১০ জানুয়ারি ব্র্যাকে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর এটিই ব্র্যাক গ্লোবালের নির্বাহী পরিচালকের প্রথম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন।

