একই সময়ে রোনালদোর গোল ও মেসির পেনাল্টি মিস

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৫

কাকতালীয় এক ঘটনা ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা যেন আরও উস্কে দিলো। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লীগের খেলায় লিওনেল মেসি যখন পেনাল্টি মিস করে হতাশায় মাথায় হাত দিয়ে আছেন, ঠিক সেই সময়েই গোল করে উদযাপন করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

এই দুই ঘটনা ঘটেছে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে মিস করেন মেসি। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে গোল করেন রোনালদো।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই কাকতালীয় ঘটনায় রীতিমত ঝড় উঠে গেছে। মেসি ভক্তদের সঙ্গে তর্ক শুরু হয় রোনালদো ভক্তদের।

নেটিজেনদের অনেকেই আজব এই মুহূর্তকে নিজের অ্যাকাউন্টে বন্দি করে রেখেছেন। মেসির সমালোচক, রোনালদোর সমর্থকরা বইয়ে দিয়েছেন ট্রলের বন্যা।

মঙ্গলবার রাতের খেলায় দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদকে প্রতিটি মুহূর্তে চাপে রাখা, তাদের কোনো সুযোগ না দেওয়া। বারবার আক্রমণ করেও রিয়ালের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হওয়া, মেসির পেনাল্টি মিস, দীর্ঘ দুই মাসের বেশি সময় পর নেইমারের মাঠে নামা এবং অতিরিক্ত সময়ের শেষ মিনিটে এমবাপ্পের গোলে পিএসজির জয়।

সম্ভবত পুরো ম্যাচের এক ঝলক উপরের লেখাটা পড়লেই বুঝা যাবে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও পিএসজি। পার্ক ডে প্রিন্সেসে অনুষ্ঠিত এই ম্যাচের প্রতিটি মুহূর্তে যেন রোমাঞ্চ ছড়িয়ে পড়ে। এদিন, শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে চেপে ধরে এমবাপ্পে-মেসি ও ডি মারিয়ার সমন্বয়ে গঠিত পিএসজির আক্রমণ ভাগ। পাশাপাশি দুই প্রান্ত থেকে মেন্ডেস ও হাকিমিও বারবার রিয়ালের ডিফেন্সে ত্রাস ছড়িয়েছে।

ইত্তেফাক/টিআর