‘পশ্চিমা নেতাদের মানসিক চিকিৎসা প্রয়োজন’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪১

পশ্চিমা নেতাদের মানসিক চিকিৎসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিয়োজিত রুশ উপদূত দিমিত্রি পোলিয়ানস্কি।  ইউক্রেনে রাশিয়া হামলা চালাতে পারে বলে পশ্চিমা নেতাদের যে আশঙ্কা তাকে অহেতুক উল্লেখ করে এমন পরামর্শ দেন রুশ এই নেতা। এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পোলিয়ানস্কি ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলার আশঙ্কা নাকচ করে দেন। তিনি বলেন, 'আমাদের সেনারা আমাদের ভূখণ্ডের মধ্যেই আছে। তারা কারো জন্য হুমকি তৈরি করছে না।'   

এছাড়া পশ্চিমা বিশ্বের নেতাদের উদ্দেশে পোলিয়ানস্কি বলেন, তাদের ভালো একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।  যেসব চিকিৎসক প্যারানয়া নামের মানসিক রোগের চিকিৎসা করেন, তারা যেন সেসব চিকিৎসকের কাছে যান।

একইসঙ্গে রুশ এই নেতা জানান, ইউক্রেন সীমান্তে কতজন সেনা মোতায়েন করা হয়েছে তা তার জানা নেই। 

ইউক্রেন সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। পশ্চিমা বিশ্বের অভিযোগ, যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া। তবে রাশিয়া শুরু থেকে এই দাবি অস্বীকার করে আসছে।  

এদিকে হামলার আশঙ্কায় এখন পর্যন্ত ১২ টির বেশি দেশ তাদের নাগরিককে ইউক্রেন ত্যাগের পরামর্শ দিয়েছে। 

ইত্তেফাক/এসআর