বিভিন্ন স্থানে গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) সড়ক দুর্ঘটনায় নানি ও নাতিসহ ৯ জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
নেত্রকোনা:কলমাকান্দা উপজেলার লেঙ্গুরায় বিকালে মোটর সাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সবুজ মিয়া (৩৫) এবং ইনসান (৩০)। সবুজ মিয়া নেত্রকোনা পুলিশ লাইনসে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। দুজনের বাড়ি শেরপুরে। লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ সাত শহীদের মাজার থেকে ফেরার পথে ফুলবাড়ি এলাকায় তাদের মোটর সাইকেলটি পাশের গাছের সাথে ধাক্কা খেলে দুজনই ঘটনাস্থলে মারা যান। ওসি আব্দুল আহাদ খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
ভালুকা (ময়মনসিংহ): ভালুকায় সকাল ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় নানি ও নাতির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাত সেনাসদস্য। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহেরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গফরগাঁও উপজেলার কিষ্টবাজার এলাকার আব্দুল হামিদের স্ত্রী মুর্তুজা খাতুন (৬০) ও তার নাতি আঠারোদানা গ্রামের সবুজ মিয়ার ছেলে মো. জান্নাত (৩)। মেহেরাবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় পেছনে থাকা সেনাবাহিনীর একটি গাড়ি দুই জনের লাশ পাশ কাটিয়ে অতিক্রম করার সময় সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে আহত হন সাত সেনাসদস্য। ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক আলী হোসেন জানান, নানি ও নাতির লাশ ফাঁড়িতে রয়েছে।
কক্সবাজার : কক্সবাজার-টেকনাফ শহিদ এ টি এম জাফর আলম সড়কের রামু এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। সকালে মরিচ্যা চেকপোস্টের দক্ষিণে হীরার দ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সিএনজিচালক ইমাম হোছেন (৩৫) ও যাত্রী নজির আহমদ (৬০)। রামু তুলাবাগান হাইওয়ে থানার ইনচার্জ আবদুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাউজান (চট্টগ্রাম) :রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কমলার দিঘিরপাড় এলাকায় লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক জনের প্রাণ গেছে। বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাপন বড়ুয়া শাকিল (৪২) একজন প্রকৌশলী ছিলেন। তিনি চট্টগ্রাম নগরী থেকে অটোরিকশায় করে রাউজানের নিজ গ্রামে যাচ্ছিলেন। পথে লেগুনার সংঘর্ষে প্রাণ হারান। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, প্রকৌশলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী): নোয়াখালীর সোনাইমুড়ীতে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত দুই অটোরিকশার সংঘর্ষে মো. বাবুল (৩৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। সকালে সোনাইমুড়ী বাজারের চৌরাস্তা চাতারপাইয়া রোডের সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং অটোরিকশা দুটি পুলিশ হেফাজতে রয়েছে।
মুক্তাগাছা (ময়মনসিংহ): ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের পদুরবাড়ী এলাকায় ট্রাক সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে যাত্রী রিনা খাতুন (৫০) মারা যান। আহত হন অটোরিকশার আরো তিন যাত্রী। সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, সড়ক দুর্ঘটনায় মামলা হয়েছে।
