জামাল ভুঁইয়ার ব্যাপারে আরো তদন্ত হবে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৭

সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভুঁইয়া সহকারী রেফারিকে লাথি মেরেছেন কি না, তা প্রমাণ করতে হলে অধিকতর তদন্ত করা প্রয়োজন। তাই জামালের ব্যাপারে ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নিতে পারেনি। 

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন জামাল লাথি মেরেছেন সেটা রেফারির রিপোর্টে উল্লেখ রয়েছে। কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে না। প্রশ্ন উঠল রেফারির রিপোর্টের ভিত্তিতে ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত দেয়। এবার কেন ব্যতিক্রম? সোহাগ বললেন, ‘জামাল জাতীয় দলের খেলোয়াড়। আমরা আরেকটু তদন্ত করে দেখতে চাই।’ 

১৩ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জে প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিং এসসি ও শেখ রাসেল ম্যাচের ৩৯ মিনিটে সাইফের বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। খেলোয়াড়রা প্রতিবাদ জানান। গতকাল বাফুফে ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় জামালের বিষয়টা চূড়ান্ত না হলেও তার দল সাইফ স্পোর্টিংকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়াও দলের ইভেন্ট ম্যানেজারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

ইত্তেফাক/ ইআ