একজন অভিনেত্রী হিসেবে এটা বিরাট পাওয়া: দীপান্বিতা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪২

সেরা অভিনেত্রী হিসেবে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন অভিনেত্রী দীপান্বিতা মার্টিন। ক্যারিয়ারে অল্প সময়ে এমন সম্মান পাওয়ার অনুভূতিসহ নিজের পরিকল্পনা নিয়ে কথা বললেন ইত্তেফাকের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন এ এম রুবেল

  • সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় অভিনন্দন। এমন একটি সম্মান পাওয়ার অনুভূতি কীভাবে ব্যক্ত করবেন?

সর্বোচ্চ এই সম্মান পাওয়ার খবরটি শোনার নিজের অনুভূতি বুঝতেই সময় লেগেছে। আমার বিশ্বাসই হচ্ছিল না পুরস্কারটি আসলে আমিই পেয়েছি কি-না! খবরটি শোনার পর কিছুক্ষণ চুপচাপ বসে ছিলাম। এখন বুঝতে পারছি কত বড় একটি সম্মান পাচ্ছি।

  • ক্যারিয়ারে খুব কম সময়ে এত বড় সাফল্যের বিষয়টি কীভাবে দেখছেন?

এর আগে অন্যান্য পুরস্কার পেলেও জীবনে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম। শুরুতে আমার তেমন প্রত্যাশা ছিল না। অভিনয় করতে গিয়েও মনে হয়নি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো। তবে একজন অভিনেত্রী হিসেবে এটা বিরাট পাওয়া!

  • পুরস্কারটি পাওয়ার পর সবচেয়ে বেশি খুশি হয়েছেন কে?

আমার মা এবং আমার পরিচালক। খবরটি শোনার পরও এই দু’জন মানুষের কথাই আমার বেশি মনে পড়েছে।

  • অনেক গুণী শিল্পী এমন সম্মান অর্জনের পর হারিয়ে যান। সেক্ষেত্রে আপনাকে নিয়মিত চলচ্চিত্রে দেখা মিলবে কি-না?

আমি তো জীবনে শুধু সিনেমাই করতে চাই। আমার পছন্দের গল্প-চরিত্র যদি বছরে ৪-৫টা আসে, আমি সেগুলোই করব। এটা নির্ভর করবে নির্মাতাদের ওপর।

  • এর বাইরে অন্য কোন কাজগুলো নিয়ে ব্যস্ত আছেন?

‘চাঁদের অমাবশ্যা’ সিনেমার কাজ শেষ করলাম। পাশাপাশি একটি ওয়েব ফিল্মের কাজ করছি। এছাড়া আরো একটি সিনেমার কথা চলছে।

  • এরইমধ্যে ওটিটির কাজ শুরু করেছেন। মাধ্যমটি নিয়ে আপনার প্রত্যাশার জায়গা কোথায়?

দেখুন, এই মাধ্যমটি তো আন্তর্জাতিক একটি মাধ্যম। তাই আমি চাই এখানে কাজগুলোও যেন সেই মানের হয়। আশা করছি, শিগগিরই আমরা খুব ভালো একটি অবস্থানে যেতে পারব।

ইত্তেফাক/ আরাফাত