আড়াইহাজারে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১২

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিখোঁজের দুই দিন পর রিয়াদ মিয়া (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) মাহমুদপুর ইউনিয়নের সালামদী গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রিয়াদ একই এলাকার বাবুল মিয়ার ছেলে।

নিহতের বাবা বাবুল মিয়া বলেন, ‘গত সোমবার সকালে গ্রামের পুকুরে গোসল করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় রিয়াদ। এর পর থেকেই নিখোঁজ ছিল সে। আশপাশে ও পুকুরে জাল ফেলে খুঁজেও রিয়াদের সন্ধান পাওয়া যায়নি। গতকাল দুপুরে পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী আমাকে জানায়।’