লেগুনায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৮

চট্টগ্রামের মিরসরাইয়ে লেগুনার পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪জন। বৃহস্পতিবার সকাল ১০টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতি গ্রামের মরহুম নরুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহজাহান (৬০), একই ইউনিয়নের গাছবাড়ীয়া গ্রামের সফিউল আলমের ছেলে শামসুদ্দীন দিদার (৫০)। আহতরা হলেন-ওয়াহেদপুর ইউনিয়নের আনোয়ার হোসেন ও উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের আব্দুল মান্নান। 

স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ জানান, চট্টগ্রামুখী লেনে একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে এক পথচারীসহ ৬ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান ও যাত্রী দিদার মারা যান। আহত ৪জন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব শাহা জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন এবং স্বজনেরা আহতদের হাসপাতালে নিয়ে যায়। কার্ভাডভ্যানটি দুর্ঘটনার পর চলে যায়। মৃত্যুর ঘটনাটি আমার কাছে জানা নেই। 

ইত্তেফাক/এএএম