সততার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ উপমন্ত্রী

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২২:১১

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সততা ও মেধা দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছেন। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাঁর সততা, প্রজ্ঞা, মেধা এবং রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে এমন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন যে, শুধু বাংলাদেশ নয়-আন্তর্জাতিক মহল তার প্রতি খুবই শ্রদ্ধাশীল। তাই যার যার অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধায় রাজধানীর এক রেস্তোরাঁয় ঢাকাস্থ নড়িয়া উপজেলা পেশাজীবী পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে ভালবাসার জন্য অন্তর থেকে কাজ করতেন ও ভালবাসতেন ঠিক সেরকমভাবেই প্রত্যেককে মন দিয়ে দেশকে ভালবেসে কাজ করতে হবে। তবেই কেবল দেশের উন্নতি করা সম্ভব। জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষকে নিয়ে ভাবেন। ‘গ্রাম হবে শহর’ এই চিন্তা নিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। যেদিকে তাকাই সেদিকে উন্নয়নের ছোঁয়া। এটা মমতাময়ী মা শেখ হাসিনার অবদান। উন্নয়নের কাতারে দেশ পৌঁছে গেছে। উন্নয়নের গতি অব্যাহত থাকলে এশিয়ার সেরা দেশ হবে বাংলাদেশ। 

এনামুল হক শামীম বলেন, ৩ বছর আগেও নড়িয়ায় নদীভাঙন ছিলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণেই এখন আর নদীভাঙন নেই। আমরা স্থানীয় সংসদ সদস্যদের নিয়ে শরীয়তপুরকে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম উন্নত সমৃদ্ধ জেলায় রূপান্তরিত করতে কাজ করে চলছি। শরীয়তপুরের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগসহ অবকাঠামোগত সকল উন্নয়ন করতে বদ্ধপরিকর। এবছর জুনেই পদ্মাসেতুতে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে। মেঘনা সেতু নির্মাণেও সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং মাস্টারপ্ল্যান প্রণয়নে ৬টি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার। তারা কাজ করছে। শরীয়তপুরে ফোর লেনের কাজও এগিয়ে চলছে। আগামী ২০২৩ সালের মধ্যে শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ হারুন পাশা আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ কমিটির সদস্য তাহমিনা খাতুন শিলু, সংগঠনের সহ-সভাপতি আলমগীর হোসেন, প্রফেসর ওয়াজেদ কামাল, প্রফেসর মুজাহিদুল ইসলাম, মো. সামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মনির হোসেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদক এ্যাড. মুক্তা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম