নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)' এবং ‘আল্লাহর দল’-এর চারজনকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বগুড়া ও বাগেরহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এটিইউ।
তাদের মধ্যে সাহাবুদ্দিন সাবু (২২), আসামাউল হোসেন (৩৩) ও আব্দুর রাজ্জাক (৪০) ‘আল্লাহর দল’-এর সদস্য। আর এবিটির সদস্যের নাম শফিকুল ইসলাম (২৬)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লাহর দলের তিনজন ওই সংগঠনের মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম ওরফে মাহবুব মতিন ওরফে মতিনুল হক মণ্ডলের মতাদর্শের অনুসারী। অন্যদিকে শফিকুল এবিটি প্রধান জসীমুদ্দিন রাহমানীর অনুসারী।
তাদের কাছ থেকে মোবাইল ফোন, লিফলেট, ডায়েরি, বই, সাংগঠনিক কাজে অর্থ ব্যয়ের হিসাবের তালিকা উদ্ধার করার কথা জানিয়েছে এটিইউ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "আল্লাহর দলে'র সাবু সংগঠনের বগুড়া জেলা প্রতিনিধি এবং অন্য দুইজন জেলার নায়েক পদে রয়েছেন। এই দলটির সদস্যরা দেশের প্রচলিত শাসন ব্যবস্থার পরিবর্তে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাষ্ট্রীয় ও প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষয়ক্ষতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল।”
আর শফিকুল কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য মানুষকে সশস্ত্র যুদ্ধে উদ্বুদ্ধ করেছে এবং উগ্রবাদী কন্টেন্ট ও ভিডিও শেয়ার করছিল বলে উল্লেখ করেছে এটিইউ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
