মাদারীপুরে ৬৫ উপ-সহকারী কৃষি কর্মকর্তার পদ শূন্য

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩০

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বর্তমানে ৬৫ উপ-সহকারী কৃষি কর্মকর্তার পদ শূন্য রয়েছে। মাঠ পর্যায়ের এসব কর্মকর্তা না থাকায় কৃষি বিভাগীয় কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তার ৬৫ পদ শূন্য রয়েছে। ৬৫ শূন্য পদের মধ্যে একমাত্র শিবচর উপজেলায়ই ২২ পদ শূন্য রয়েছে। এছাড়া সদর উপজেলায় ১৮, কালকিনিতে ১৪ এবং রাজৈরে ১১ পদ শূন্য রয়েছে। 

সদর উপজেলার মাদ্রা এলাকার কৃষক মোসলেম মিয়া জানান, মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তার পদগুলো শূন্য থাকায় আমরা সার ও কীটনাশকের ব্যবহারসহ চাষ সম্পর্কে জানতে পারছি না। কৃষিসংশ্লিষ্ট অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন মাদারীপুর জেলায় বর্তমানে উপ-সহকারী কৃষি কর্মকর্তার ৬৫ পদ শূন্য রয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, শূন্য পদের বিষয়টি ফরিদপুর অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালককে অবহিত করা হয়েছে। 

ইত্তেফাক/ আরাফাত