সারিয়াকান্দিতে অবাধে চলছে কোচিং বাণিজ্য

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৫

করোনাকালীন সারিয়াকান্দিতে সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অবাধে চলছে কোচিংবাণিজ্য। মানা হচ্ছে না সামজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বেশ কয়েকটি কোচিং সেন্টার রয়েছে। যাদের করোনাকালীন প্রাণোদনা দেওয়া হয়েছে। লকডাউন-পরবর্তীকালে এসব কোচিং সেন্টারগুলোতে পুনরায় ছাত্রছাত্রী দিয়ে পরিপূর্ণভাবে চলেছে পাঠদান। বর্তমান সময়ে সরকারের নির্দেশনায় উপজেলার সব সরকারি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু কোচিং সেন্টারগুলোতে সারা দিনব্যাপী বিভিন্ন সিফটে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় সরজমিনে উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী বাজারে একটি কোচিং সেন্টারে গিয়ে দেখা যায়, প্রতিটি রুমে ৫০/৬০ জন শিক্ষার্থী নিয়ে গাদাগাদিভাবে পাঠদান করা হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী কারো মুখেই মাস্ক নেই। নেই কোনো স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা

এ বিষয়ে ঐ প্রতিষ্ঠানের পরিচালক বলেন, শুধু আমরা না, সারা দেশব্যাপীই কোচিং প্রতিষ্ঠানগুলো চলছে। এছাড়া কোচিং সেন্টার বন্ধের ব্যাপারে কোনো নির্দেশনা আছে কি না, আমরা জানি না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শহিদুল ইসলাম জানান, করোনাকালীন যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সেখানে কোচিং সেন্টার খোলা থাকতে পারে না। প্রশাসনের সহযোগিতা ছাড়া আমরা কিছু করতে পারি না। কোচিং সেন্টারে যারা শিক্ষার্থীদের পাঠদান করেন তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন আছে। ছাত্রছাত্রীদের কোচিংয়ে পাঠানোর বিষয়ে তিনি অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, কোচিং সেন্টারের বিষয়ে আমাদের কাছে সরকারের কোনো নির্দেশনা নেই।

ইত্তেফাক/ আরাফাত