খুলনায় কোস্ট গার্ড সদস্যরা হরিণের দুটি মাথা, দুটি চামড়া, দুটি ভুঁড়ি, আট পা ও দুই কেজি মাংস জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুরে কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন খাসিটানা খাল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের জোনাল কমান্ডার লে. কমান্ডার এম মামুনুর রহমান জানান, এদিন দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশনের একটি টহল দল কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন খাসিটানা খাল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হরিণের দুটি মাথা, দুটি চামড়া, দুটি ভুঁড়ি, আটটি পা ও দুই কেজি মাংস জব্দ করে। এ সময় হরিণ শিকারিরা কোস্ট গার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তিনি জানান, আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হরিণের মাংসসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ স্থানীয় আন্দারমানিক ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
