আগামীকাল বিজয়ী ১১ জনের সংবাদ সম্মেলন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৬

শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে নানা কৌতুহল আর একের পর এক নাটকীয়তা যেন থামছেই না। তারই ধারাবাহিকতায় এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত ১১ জন শিল্পীকে নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি একটি পাঁচতারা হোটেলে ডিনার পার্টি দিয়েছেন জায়েদ খান।

এ সময় জায়েদের সঙ্গে উপস্হিত ছিলেন অঞ্জনা, সুচরিতা, রোজিনা, আলীরাজ, ডিপজল, রুবেল, অরুণা বিশ্বাস, মৌসুমী, আতিকুর রহমান চুন্নু ও জয় চৌধুরী। বিজয়ী ১১ জন ছাড়াও সেখানে উপস্হিত ছিলেন অভিনেতা ওমর সানিসহ আরো কয়েকজন।

ডিনারের আগে নিজেদের মধ্যে সমিতির বর্তমান পরিস্হিতি ও তাদের করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী।

তিনি বলেন, ‘গতকাল রোজিনা ম্যাডাম ও অঞ্জনা ম্যাডামকে নিয়েও আমরা আলোচনা করেছি। রোজিনা ম্যাডাম আগে পদত্যাগের কথা বলেছিলেন ঠিকই, তবে তিনি সেই অবস্হান থেকে সরে এসেছেন। শিগগিরই পদত্যাগ পত্র প্রত্যাহার করে নেবেন। অঞ্জনা ম্যাডামও শপথ নিয়েছিলেন ঐ প্যানেলে (ইলিয়াস কাঞ্চন-নিপুণ) গিয়ে। তিনি আমাদের সঙ্গে আবার শপথ নেবেন বলেও জানিয়েছেন। আসলে নির্বাচনের পরে আমাদের একটা গেট টুগেদার হওয়ার দরকার ছিল। সেটা হয়ে উঠছিল না। গতকাল সবাই সময় বের করে সেই গেট টুগেদার করলাম।’

এছাড়া তারা আরো জানান, আগামীকাল প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করবেন এবং সেই সাংবাদিক সম্মেলনেই নতুন কর্ম পরিকল্পনা জানিয়ে দেওয়া হবে।

ইত্তেফাক/বিএএফ