অস্কারে অংশ নিতে থাকতে হবে টিকা সনদ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৭

আগামী ২৭ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে বসতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের ৯৪তম আসর। এরইমধ্যে নানা চমক দিয়ে ঘোষণা করা হয়েছে এবারের আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা। সেই সঙ্গে আবারো উপস্হাপক ফেরার ঘোষণাও দিয়েছে অস্কার কতৃ‌র্পক্ষ। এবারের আসরে প্রথমবারের মতো তিন নারী উপস্হাপককে উপস্হাপনার চেয়ারে দেখা যাবে। তাদের মধ্যে দুই জন কৃষ্ণাঙ্গ ও একজন শ্বেতাঙ্গ।

তারা হলেন আমেরিকান অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার ও ওয়ান্ডা সাইকস। এছাড়া এবারের আসরে তারকাদের পাশাপাশি থাকছেন আমন্ত্রিত অতিথিও। তবে তাদের করোনা টিকার সনদ এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখিয়ে হলে প্রবেশ করতে হবে। 

জানা গেছে, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের করোনা টিকা সনদের সঙ্গে দুটি করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। তবে মনোনয়ন পাওয়া তারকা এবং উপস্হাপকদের টিকা সনদ দেখাতে হবে না। কিন্তু পিসিআর পরীক্ষা করাতে হবে। এছাড়া মনোনীত তারকা এবং আমন্ত্রিত অতিথিদের মুখোশ পরতে হবে না। তাদের স্বাভাবিকের চেয়ে বেশি দূরত্বে বসতে হবে। ডলবি থিয়েটারের মোট আসন ৩,৩১৭টি থাকলে ২,৫০০ জনকে আমন্ত্রণ জানানো হবে। তবে যারা অনুষ্ঠানটি পরিচালনা বা কাজের জন্য পাশাপাশি বসবেন তাদের মুখোশ পরতে হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, লস অ্যাঞ্জেলেসে বর্তমানে করোনা প্রকোপ কমতে শুরু করেছে। তাই আবারো সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে যথাযথ ব্যবস্হা নেওয়ার জন্য অস্কার আয়োজকরা সরকারি কর্মকর্তা ও সংক্রামক রোগ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন। তাদের মতামতের ওপর ভিত্তি করেই অস্কার আয়োজন হবে বলে জানিয়েছে গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

ইত্তেফাক/বিএএফ