বছরের ৯ মাস পানি জমে থাকে তালার সমনডাঙ্গা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫২

তালার সমনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে বছরের প্রায় ৯ মাস কচুরিপানাযুক্ত হাঁটুপানি জমে থাকে। যে কারণে ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থী ও শিক্ষকদের। স্কুলটির নেই কোনো দরজা-জানালা, নেই উপযুক্ত ভবনও। নানা সংকটের মধ্যে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হয়। এতে একদিকে ব্যাহত হচ্ছে শিক্ষার মান অন্যদিকে ঝরে পড়ছে শিক্ষার্থী। আর শিক্ষার্থীরাও পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে প্রায়ই।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার নগরঘাটা ইউনিয়নের সমনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯৫ সালে নির্মাণ করা হয়েছিল। তবে কয়েক বছর ধরে ভবনটির ছাদের পলেস্তারা ধসে পড়ে এবং পুরো ভবনটি হাঁটুপানির নিচে থাকে। বিকল্প ব্যবস্থা হিসেবে স্কুলের খেলার মাঠের এক কোণে একটি টিনের চাল দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষকরা। যেখানে রাখা হয়েছে একটি টেবিল ও পাঁচটি বেঞ্চ। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা।

স্থানীয় তারক সরকার, সুবাস মণ্ডল, মিন্টুসহ অনেকে জানান, এলাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। সাতক্ষীরা সদর ও তালা উপজেলার সীমান্তবর্তী এবং এ ইউনিয়নের শেষ প্রান্ত হওয়ায় আরো অবহেলিত শিক্ষাপ্রতিষ্ঠানটি। শ্রেণিকক্ষে ও খেলার মাঠে প্রায় ৮-৯ মাস পানি জমে থাকায় শিক্ষার্থীরা পানিবাহিত রোগ, পেটের পীড়াসহ বিভিন্ন সমস্যায় ভোগে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ সরকার জানান, ৫১ জন শিক্ষার্থী নিয়ে কোনোরকম বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলছে। বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা শিক্ষা কর্মকর্তাদের অবহিত করা হয়েছে । নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জাম লিপু বলেন, সমনডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়টি অবহেলিত। এছাড়া এ এলাকা অনেক নিচু হওয়ায় বেশির ভাগ সময় পানি জমে থাকে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে।

তালা উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) শেখ মুস্তাফিজুর রহমান জানান, বিদ্যালয়টিতে ২০১৯ সালে নতুন ভবন নির্মাণের বাজেট ছিল। কিন্তু নির্মাণসামগ্রী এখানে পৌঁছানোর ব্যবস্হা না থাকায় বাজেটটি সম্পন্ন করা সম্ভব হয়নি। এলাকাটি নিচু হওয়ায় এখানে বেশির ভাগ সময় পানি জমে থাকে। তবে ঐ স্থানে সেখানে নতুন করে একটি সাইক্লোন শেল্টার নির্মাণ করার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে।

ইত্তেফাক/ আরাফাত