‘অতিপ্রাকৃত অথবা কাকতালীয়’ এর মোড়ক উন্মোচন জাফর ইকবালের

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩০

সাইন্স ফিকশন লেখক, কলামিস্ট প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) সাংবাদিক মুস্তফা মনওয়ার সুজনের লেখা প্রথম উপন্যাস ‘অতিপ্রাকৃত অথবা কাকতালীয়’-এর মোড়ক উন্মোচন করেছেন।

বাংলা একাডেমির তেঁতুলতলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) ক্লাবের ৬৫০ নম্বর স্টলে বিকেল সাড়ে ৩টায় বিজ্ঞানভিত্তিক উপন্যাসটি পাঠকের হাতে তুলে দেন তিনি।

একই সময় তিনি মেলায় সাস্টিয়ানদের লেখা বইয়ের প্রাপ্তিস্থান সাস্ট ক্লাবের স্টল উদ্বোধন করেন। পরে নন্দিত কলামিস্ট ও সায়েন্স ফিকশন লেখক মুহম্মদ জাফর ইকবাল সাস্টের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে গল্প করে বেশ কিছু সময় কাটান।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠান সাস্ট ক্লাব। বইমেলায় সাস্টের সাবেক শিক্ষার্থীদের লেখা বই প্রদর্শনী ও বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সাস্ট ক্লাব।

ইত্তেফাক/ইউবি