বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোটার্স বাংলাদেশের (এফইআরবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নয় সদস্যের কমিটিতে ইংরেজি দৈনিক ডেইলি সানের মো. শামীম জাহাঙ্গীর চেয়ারম্যান এবং টেলিভিশন বাংলাভিশনের রিশান নাসরুল্লাহ নির্বাহী পরিচালক (ইডি) নির্বাচিত হয়েছেন। তারা দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এফইআরবি’র দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী চেয়ারম্যান অরুণ কর্মকার। নির্বাচন পরিচালনায় ছিলেন প্রধান নির্বাচন কমিশনার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক জনসংযোগ পরিচালক এএসএম বজলুল হক এবং কমিশনার পিডিবির জনসংযোগ পরিচালক সাইফুল হাসান চৌধুরী এবং পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান।
নির্বাহী কমিটির নয়টি পদের মধ্যে পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্য পদগুলোর মধ্যে বার্তা২৪ডটকম-এর সেরাজুল ইসলাম সিরাজ ভাইস চেয়ারম্যান, দৈনিক আমাদের সময়ের লুৎফর রহমান কাকন পরিচালক (উন্নয়ন ও অর্থ), সমকালের হাসনাইন ইমতিয়াজ পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ), ইত্তেফাকের মাহবুব রনি পরিচালক (ডাটা ব্যাংক) এবং যুগান্তরের মুজিব মাসুদ পরিচালক (বিনোদন ও কল্যাণ) পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এম আজিজুর রহমান ও নয়া দিগন্তের আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে অন্য দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন পাক্ষিক পত্রিকা এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লাহ এম আমজাদ হোসেন ও অবজারভারের শাহনাজ বেগম; ভাইস চেয়ারম্যান পদে অপর প্রতিদ্বন্দ্বী ছিলেন ইউএনবির সদরুল হাসান এবং নির্বাহী পরিচালক পদে অপর প্রার্থী ছিলেন একাত্তর টিভির মো. মুজাহিরুল হক রুমেন।

