রেফারির ভয়ে আতঙ্কে সাইফ স্পোর্টিং ক্লাব

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৮

মাঠে নামলেই নাকি রেফারির রোষানলে পড়েছে প্রিমিয়ার ফুটবলের সাইফ স্পোর্টিং ক্লাব। ম্যাচ হারলেও যতটা না পারফরম্যান্স দায়ী তার চেয়ে বেশি দায় রেফারির। রেফারির ভুল সিদ্ধান্তের কারণে বঞ্চিত হচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাব। 

এই দলটির এমডি নাসির উদ্দিন চৌধুরী বললেন, ‘আগে খেলোয়াড়দের বলতাম রেফারির কথা পরে বলো। নিজে কী খেলেছ সেটা নিয়ে কথা বলো। আর এখন খেলোয়াড়দের কিছুই বলতে পারি না। পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে গেছে মাঠে নামার আগেই ধরে নেওয়া যায় আমরা হেরে গেছি। রেফারিরা এমন সব সিদ্ধান্ত দিচ্ছেন যা কিনা বুঝতে হলে আপনাকে বিশেষজ্ঞ হওয়া লাগবে না। খোলা চোখেই দেখা যায়।’

শুক্রবার মুন্সীগঞ্জে মোহামেডানের বিপক্ষে ২-০ গোলে হেরেছে সাইফ স্পোর্টিং ক্লাব। এই ক্লাবের দাবি তারা তিনটা পেনাল্টি পান। রেফারি খুব সুন্দরভাবে এড়িয়ে গেছেন। নাসির উদ্দিন চৌধুরী বললেন, ‘বক্সের ভেতরে ফাউল করল। রেফারি সিদ্ধান্ত দিলেন বাইরে হয়েছে। মোহামেডান গোলকিপার ডেঞ্জারাস প্লে করল। এড়িয়ে গেলেন রেফারি। মোহামেডান ডিফেন্ডার বক্সের ভেতরে ধাক্কা মেরে ফেলে দিলেন। রেফারি পাত্তা দিলেন না। এভাবে খেলা চললে আমরা সব ম্যাচে হেরে যাব।’ এই কর্মকর্তা আক্ষেপ নিয়ে বললেন, ‘এসব ঘটনার ভিডিও দেখেন। আমরা সেই কর্মকর্তা না যে, হারলেই চিত্কার করতে হবে। কিছুটা তো বুঝি। নগ্নভাবে সিদ্ধান্ত দিচ্ছেন রেফারি।’ কিন্তু সাইফ স্পোর্টিং ক্লাব তো রেফারির শত্রু না যে, সাইফের খেলা হলেই রেফারি ইচ্ছাকৃত ভুল করবেন। সাইফকে বঞ্চিত করবেন। নাসির উদ্দিন চৌধুরী বললেন, ‘আমি বুঝতে পারছি না। এ ধরনের ঘটনা আগে কখনো হয়নি। এখন কেন হচ্ছে আমার নিজের মধ্যে প্রশ্ন জাগছে। যা হচ্ছে, তাতে মনে হচ্ছে টার্গেট করে করা হচ্ছে।’

টেবিলে চার ম্যাচে দুই জয়, হেরেছে শেষ দুই ম্যাচ। মোহামেডানের আগে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে হেরেছে। আর দুই ম্যাচ জয়ের তালিকায় রয়েছে পুলিশ এবং রহমতগঞ্জ।

লিগ শুরু হওয়ার আগে সাইফ বিদেশি রেফারি দাবি করেছিল। বিষয়টি পাত্তা দেয়নি বাফুফের লিগ কমিটি। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল আরো একটি চিঠি দিয়েছে সাইফ স্পোর্টিং। পর পর দুই ম্যাচে হেরেছে সাইফ, এর আগে জয় পেলেও রেফারির কিছু কিছু সিদ্ধান্তে নিরপেক্ষতা হারাচ্ছে বলে সংশয়ে সাইফ স্পোর্টিং। নাসির চৌধুরী বললেন, ‘এখন শুধু আমরা কর্মকর্তারাই নই, খেলোয়াড়রাও মনে করছেন মাঠে নামলেই হারতে হবে। কারণ আমরা খেলতে নেমে দেখি রেফারি আমাদের খেলাটা খেলে দিচ্ছেন। তাহলে আর মাঠে নেমে লাভ কি। বলতে পারেন রেফারির ভয়ে আতঙ্কে আছি।’

 

ইত্তেফাক/ আরাফাত