পাইকগাছা স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ভবন এখন ডাস্টবিন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনটি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে। ভবনের চারদিকে ছড়ানো-ছিটানো পচা ও নোংরা আবর্জনার স্তূপ। উচ্ছিষ্ট খাবার নিয়ে কুকুর আর বিড়ালদের মধ্যে চলে দিনভর ঝগড়া। প্রসাব আর আবর্জনার গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ ও আশপাশের এলাকা। দেখে বোঝার উপায় নেই, এটি কোনো ডাস্টবিন না কি সরকারি ভবন। 

জানা যায়, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দুটি ভবন রয়েছে। যার একটি হচ্ছে নতুন দ্বীতল ভবন, আরেকটি একতল বিশিষ্ট পুরোনো ভবন। ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় কর্তৃপক্ষ অনেক আগেই পুরোনো ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে। কিন্তু তা অপসারণ না করায় স্থানীয়রা ভবনটি ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে। 

স্থানীয় ব্যবসায়ী বাইজীদ জানান, ভবনের পাশেই পৌরসভার একটি ডাস্টবিন রয়েছে। স্থানীয়রা ডাস্টবিনসহ পরিত্যক্ত ভবনে ময়লা অবর্জনা ফেলছে। এতে দুর্গন্ধে এখানে টেকা দায়। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার জানান, পৌরসভার ডাস্টবিনটি আমাদের ভবনের সামনে থেকে সরিয়ে নেওয়ার জন্য পৌর কর্তৃপক্ষকে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে। এ বিষয়ে পৌরসভা মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/ আরাফাত